×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:৫৯:৪৮
নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
নিজস্ব প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গেজেট প্রকাশের সম্ভাবনা থাকায় দিনভর এ নিয়ে চলছে অপেক্ষা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সব আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। তবে বৃহস্পতিবার ঠিক কখন গেজেট প্রকাশ হবে, কিংবা শেষ পর্যন্ত আজই তা জারি হবে কি না—এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

এর আগে কয়েক দফায় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ সামনে এলেও তা হয়নি। এবার ১০ সেপ্টেম্বরকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলের খসড়া তৈরির পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের বিভিন্ন ধাপ পেরিয়ে ভেটিংও শেষ করেছে।

এখন প্রজ্ঞাপন জারির আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দিনের যেকোনো সময় গেজেট প্রকাশ হতে পারে।এ কারণে সরকারি চাকরিজীবীদের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) কার্যক্রমের দিকে।

প্রস্তাবিত নতুন পে-স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডের মূল বেতন, ধাপে ধাপে বেতন বৃদ্ধির পদ্ধতি, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা থাকবে।

নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন বেশি হারে বাড়ছে। ২০তম গ্রেডের বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

৯ম গ্রেডের মূল বেতনও ২২ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৪৪ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।

অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এ হিসাবে ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে মূল বেতন বেড়ে ২০ হাজার টাকা হবে। তিন ধাপে তা দাঁড়াবে যথাক্রমে ১২ হাজার ৯৫০, ১৬ হাজার ৪৭৫ এবং ২০ হাজার টাকা।

প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। তিন ধাপে তা দাঁড়াবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০, ১ লাখ ৩২ হাজার ৬০০ এবং ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতায় পরিবর্তন ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।তবে এসব বিষয় গেজেট প্রকাশের পরই চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে।

সব মিলিয়ে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। আজই দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, নাকি আরও অপেক্ষা করতে হবে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

গ্রেড বর্তমান মূল বেতন নতুন মূল বেতন ১ম ধাপ ২য় ধাপ ৩য় ধাপ
১ম ৭৮,০০০ ১,৫৬,০০০ ১,০৯,২০০ ১,৩২,৬০০ ১,৫৬,০০০
২য় ৬৬,০০০ ১,৩২,০০০ ৯২,৪০০ ১,১২,২০০ ১,৩২,০০০
৩য় ৫৬,৫০০ ১,১৩,০০০ ৭৯,১০০ ৯৬,০৫০ ১,১৩,০০০
৪র্থ ৫০,০০০ ১,০০,০০০ ৭০,০০০ ৮৫,০০০ ১,০০,০০০
৫ম ৪৩,০০০ ৮৬,০০০ ৬০,২০০ ৭৩,১০০ ৮৬,০০০
৬ষ্ঠ ৩৫,৫০০ ৭১,০০০ ৪৯,৭০০ ৬০,৩৫০ ৭১,০০০
৭ম ২৯,০০০ ৫৮,০০০ ৪০,৬০০ ৪৯,৩০০ ৫৮,০০০
৮ম ২৩,০০০ ৪৬,০০০ ৩২,২০০ ৩৯,১০০ ৪৬,০০০
৯ম ২২,০০০ ৪৪,০০০ ৩০,৮০০ ৩৭,৪০০ ৪৪,০০০
১০ম ১৬,০০০ ৩২,০০০ ২২,৪০০ ২৭,২০০ ৩২,০০০
১১তম ১২,৫০০ ২৫,০০০ ১৭,৫০০ ২১,২৫০ ২৫,০০০
১২তম ১১,৩০০ ২৪,৩০০ ১৬,৫০০ ২০,৪০০ ২৪,৩০০
১৩তম ১১,০০০ ২৪,০০০ ১৬,২০০ ২০,১০০ ২৪,০০০
১৪তম ১০,২০০ ২৩,৫০০ ১৫,৫২০ ১৯,৫১০ ২৩,৫০০
১৫তম ৯,৭০০ ২২,৮০০ ১৪,৮৬০ ১৮,৭৩০ ২২,৮০০
১৬তম ৯,৩০০ ২১,৯০০ ১৪,৩৪০ ১৮,১২০ ২১,৯০০
১৭তম ৯,০০০ ২১,৪০০ ১৩,৯৬০ ১৬,২০০ ২১,৪০০
১৮তম ৮,৮০০ ২১,০০০ ১৩,৬৮০ ১৭,৩৪০ ২১,০০০
১৯তম ৮,৫০০ ২০,৫০০ ১৩,৩০০ ১৬,৯০০ ২০,৫০০
২০তম ৮,২৫০ ২০,০০০ ১২,৯৫০ ১৬,৪৭৫ ২০,০০০
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে