×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন

২০২৬ সেপ্টেম্বর ০৪ ০৯:০৮:১৪
কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে ব্যাগভর্তি প্রায় এক কোটি টাকা নিয়ে চালক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়ার আগে ওই চালক ব্যবসায়ীর মোবাইলে একটি আবেগঘন বার্তাও পাঠান।

এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) গাড়িচালক জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুরের ব্যবসাপ্রতিষ্ঠান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম।

অভিযুক্ত জাহিদ হাসান (৩০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী চীনা নাগরিক ইউ শ্যালি প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। গাজীপুরে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইউ শ্যালির গাড়িচালক হিসেবে কাজ করছিলেন।

মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে চেয়ারম্যানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন জাহিদ। সন্ধ্যা ৭টার দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামান তিনি। পরে ইউ শ্যালি খাবার খেতে হোটেলের ভেতরে গেলে জাহিদ গাড়িটি নিয়ে গুলশানের একটি কফিশপের পার্কিংয়ে যান এবং সেখান থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

খাওয়া শেষে ইউ শ্যালি ফিরে এসে গাড়ি ও চালককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে চালকের মোবাইলে ফোন করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

মামলার বাদী আকরামুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার পর জাহিদ তাদের চেয়ারম্যানের মোবাইলে একটি মেসেজ পাঠান। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন।’ একই সঙ্গে গাড়িটি গুলশানের লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে যাওয়ার কথা জানান তিনি।

মেসেজে জাহিদ আরও লেখেন, তিনি ইউ শ্যালির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। পাশাপাশি দাবি করেন, জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করেননি, কিন্তু তাকে এ কাজ করতে বাধ্য করা হয়েছে। এমনকি তিনি বেঁচে থাকবেন কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। বেঁচে থাকলে টাকা ফেরত দেওয়ার কথাও মেসেজে উল্লেখ করেন।

চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশানের লে ডি অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে