×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:১৪:০৯
‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক : আগের একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে ‘অবিবাহিতা’ পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে স্ত্রী শেখ অবন্তী ঐশীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন স্বামী উদয় জালাল দীপ। মামলায় ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। একই সঙ্গে বিয়ে ও কাবিননামা অবৈধ ঘোষণার আবেদনও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় সিনিয়র সিভিল জজ খাদিজা আক্তারের আদালতে মামলাটি করা হয়। শুনানি শেষে আদালত বিবাদী শেখ অবন্তী ঐশীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি জানিয়েছেন।

মামলার বাদী নিজেও বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন। এরপর মামলাটি গ্রহণের বিষয়ে শুনানি হয়।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান দাবি করেন, বাদীর স্ত্রী নিজেকে কুমারী বা অবিবাহিতা পরিচয় দিয়ে বিয়ে করেন। বিয়ের পর বাদী তাঁর আগের একাধিক বিয়ের বিষয়ে জানতে পারেন। এ-সংক্রান্ত দুটি কাবিননামা পাওয়ার দাবিও করেন বাদীপক্ষের আইনজীবী।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ যাতে এভাবে তথ্য গোপন করে বিয়ে করতে না পারে, সে বিষয়ে দৃষ্টান্ত তৈরি করতেই আইনের আশ্রয় নেওয়া হয়েছে।বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান ও তানজিলা আহমেদ লিসাও মামলায় সহযোগিতা করছেন।

মামলার বিবরণ অনুযায়ী, বিবাদী শেখ অবন্তী ঐশী তাঁর পূর্ববর্তী বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে অবিবাহিতা হিসেবে উপস্থাপন করেন। সেই তথ্য বিশ্বাস করে উদয় জালাল দীপ ২০২৪ সালের ১২ ডিসেম্বর তাঁকে বিয়ে করেন। এ সময় দেনমোহর নির্ধারণ করা হয় ২০ লাখ টাকা। এর মধ্যে সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি জানতে পারেন যে তাঁর স্ত্রী এর আগেও একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

মামলায় আরও বলা হয়েছে, বিয়ের পর দাম্পত্য জীবনের প্রতি আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে বাদী বিভিন্ন সময়ে স্ত্রীকে দেনমোহরের বকেয়া অংশ, পারিবারিক প্রয়োজন ও ব্যক্তিগত আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে প্রায় ৩০ লাখ টাকা দেন। পাশাপাশি তাঁকে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণের গহনা দেওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষ এসব অভিযোগের ভিত্তিতে বিয়ে ও কাবিননামা অবৈধ ঘোষণার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছে।তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। এ বিষয়ে বিবাদীপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে