×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৯:৩৮:১৩
শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মৌলভিত্তিসম্পন্ন ও স্বনামধন্য কোম্পানির অংশগ্রহণ বাড়াতে ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, দেশের শেয়ারবাজারে এখনো পর্যাপ্তসংখ্যক ভালো কোম্পানি নেই। এ অবস্থায় ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে যুক্ত করা সম্ভব হলে বাজারের গভীরতা ও পরিধি আরও বিস্তৃত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬-এর খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, ভালো ও স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে যুক্ত করা গেলে মানসম্মত কোম্পানির অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের পথও সহজ হবে। ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে নতুন ও শক্তিশালী কোম্পানি বাজারে প্রবেশ করলে শেয়ারবাজারের আকার ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে মাসুদ খান বলেন, তালিকাভুক্তির মাধ্যমে একটি কোম্পানির সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। একই সঙ্গে শক্তিশালী করপোরেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর-সুবিধা পাওয়ার পাশাপাশি কোম্পানির মূল্য ও শেয়ারের তারল্য বৃদ্ধির সুযোগ পায়।

তিনি আরও বলেন, শেয়ারের তারল্য বাড়লে কোম্পানির উত্তরাধিকারী বা সাকসেসররাও তাদের শেয়ার লিকুইড করার সুযোগ পান। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পুঁজি সংগ্রহেও শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাসুদ খান জানান, ডাইরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি আইপিও বিধিমালাকেও আরও বাস্তবসম্মত ও কার্যকর করার লক্ষ্যে কমিশন কাজ করছে। ভবিষ্যতে কোম্পানিগুলো যাতে বিদ্যমান শেয়ার অফলোডের পাশাপাশি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমেও পুঁজিবাজারে আসতে পারে, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ হাইব্রিড পদ্ধতিতে তালিকাভুক্তির সুযোগ দেওয়ার বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা চালু করা হলে ভালো ও যোগ্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসার সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রও তৈরি হবে।

মতবিনিময় সভায় বিএসইসির কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএপিএলসি, বিএমবিএ, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, পেশাজীবী সংগঠন এবং অন্যান্য অংশীজনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে