×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ০৩ ০৯:৪২:২৫
টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষার পর সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা তোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তবে টাকা তুলতে শুরুতে সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হচ্ছে। আর আবেদন শুরুর মাত্র দুই দিনেই প্রায় ৩৭ হাজার গ্রাহক টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) টাকা তুলতে আবেদন করেছেন প্রায় ১৯ হাজার গ্রাহক। এর আগের দিন মঙ্গলবার আবেদন জমা পড়েছিল প্রায় ১৮ হাজার। দুই দিনে মোট ৩৭ হাজার আবেদনে গ্রাহকদের চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।

ব্যাংক সূত্র জানায়, আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী সোমবার থেকে গ্রাহকদের টাকা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূত হওয়ার পর সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ব্যক্তিপর্যায়ের গ্রাহকরা তাঁদের আমানতের টাকা তোলার সুযোগ পাবেন।

এ জন্য অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এ খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ব্যাংক খাতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে জরুরি সময়ে যেভাবে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল, একই ধরনের ব্যবস্থায় সম্মিলিত ইসলামী ব্যাংককেও অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে এই সহায়তার পরিমাণ বাড়তে পারে।

ব্যাংক কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম মেনেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হচ্ছে।আবেদন যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করা হবে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন।

তবে এই সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না। কোনো গ্রাহক তাঁর মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে কোনো গ্রাহকের ঋণ বা অন্য কোনো দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।যেসব গ্রাহক এখনই তাঁদের আমানত তুলবেন না, তাঁরা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।

তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আবার কেউ আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান বলেন, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি বলেন, আবেদনগুলো যাচাই-বাছাই করে গ্রাহকদের মূলধন ফেরত দেওয়া হবে। যারা হিসাব চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী মুনাফাসহ অর্থ পাবেন।ব্যাংক চেয়ারম্যান আরও জানান, মুদারাবা ও চলতি হিসাবে কোনো টাকা কাটা হবে না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সব নির্দেশনা অনুসরণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে