×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ০৩ ২০:৫৭:৩০
শেয়ারবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের মৌলভিত্তিসম্পন্ন ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দিতে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে ডাইরেক্ট লিস্টিংয়ের খসড়া বিধিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

বিএসইসি জানিয়েছে, দেশের মৌলভিত্তিসম্পন্ন ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির জন্য একটি আধুনিক, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের লক্ষ্যে কমিশন ইতোমধ্যে ‘Bangladesh Securities and Exchange Commission (Direct Listing of Securities by Stock Exchange) Rules, 2026’-এর খসড়া অনুমোদন করেছে এবং জনমতের জন্য তা প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় অংশীজনদের মতামত, পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা জানতে এই সভার আয়োজন করা হয়।

সভায় যাদের অংশগ্রহণ

মতবিনিময় সভায় বিএসইসির কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট, বিভিন্ন তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, পেশাজীবী সংগঠন এবং শেয়ারবাজারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ইউনিলিভার, মেটলাইফ, নেসলে বাংলাদেশ, বাংলালিংক, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, ডিবিএল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, ইউনিক গ্রুপ, কাজী ফার্মস গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, বিআরবি ক্যাবলস, এডিসন পাওয়ার, এডিসন ফুটওয়্যার, বোরাক রিয়েল এস্টেট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, অনন্ত গ্রুপ, এসিআই পিএলসি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ওয়ালটন, আকিজ রিসোর্সেস, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ন্যাশনাল পলিমার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সেভেন রিংস সিমেন্টের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

খসড়া বিধিমালায় যোগ্যতা ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া

সভায় ‘Bangladesh Securities and Exchange Commission (Direct Listing of Securities on the Stock Exchange) Rules, 2026’-এর খসড়ার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে প্রস্তাবিত বিধিমালার আওতায় সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য যোগ্য কোম্পানি, তাদের আবেদন ও তালিকাভুক্তির শর্ত এবং প্রাইস ডিসকভারি প্রসেসসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারী অংশীজনরা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে প্রকৃত ও সক্ষম কোম্পানিকে শেয়ারবাজারে সম্পৃক্ত করার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে তারা নিজেদের মতামত, পর্যবেক্ষণ, পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

ভালো কোম্পানি না থাকায় বাজারের গভীরতা বাড়ছে না: বিএসইসি চেয়ারম্যান

সভায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। এ অবস্থায় ভালো ও স্বনামধন্য ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে শেয়ারবাজারে সম্পৃক্ত করে বাজারের গভীরতা ও পরিধি বাড়াতে চায় কমিশন।

তিনি বলেন, এর ফলে পুঁজিবাজারে ভালো কোম্পানির অংশগ্রহণ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিদেশি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের পথও সুগম হবে।

তালিকাভুক্ত হলে বাড়বে সুনাম, গ্রহণযোগ্যতা ও শেয়ারের তারল্য

তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলোর উদ্দেশ্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে একটি কোম্পানির সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। একই সঙ্গে একটি শক্তিশালী করপোরেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিভিন্ন কর-সুবিধা পাওয়ার পাশাপাশি কোম্পানির মূল্য বৃদ্ধি এবং শেয়ারের তারল্য বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এর ফলে কোম্পানির সাকসেসররাও তাদের শেয়ার লিকুইড করার সুযোগ বা সুবিধা পান। ভবিষ্যতে কোম্পানির সম্প্রসারণে অতিরিক্ত পুঁজির জোগান পেতেও পুঁজিবাজারে তালিকাভুক্তি সহায়ক হবে।

ডাইরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি হাইব্রিড পদ্ধতি বিবেচনায়

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, ডাইরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি কমিশন আইপিও বিধিমালাকেও আরও বাস্তবসম্মত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে কোম্পানিগুলো যাতে একই সঙ্গে বিদ্যমান শেয়ার অফলোড এবং নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে—অর্থাৎ একটি হাইব্রিড পদ্ধতিতে—শেয়ারবাজারে আসতে পারে, সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভালো ও যোগ্য কোম্পানিগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং বাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

সরাসরি ও হাইব্রিড পদ্ধতিতে বাজারে আসতে আগ্রহী কোম্পানিগুলো

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের কেউ কেউ ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে এবং কেউ কেউ একই সঙ্গে শেয়ার অফলোড ও আইপিওর মাধ্যমে, অর্থাৎ হাইব্রিড পদ্ধতিতে, শেয়ারবাজারে আসার আগ্রহ প্রকাশ করেন।

সভায় অংশগ্রহণকারীরা শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিএসইসির উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা ও মতামত প্রদানেরও আশ্বাস দেন।

সব মিলিয়ে, দেশের বড় ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে সম্পৃক্ত করার মাধ্যমে বাজারের গভীরতা, পরিধি ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই ডাইরেক্ট লিস্টিংয়ের নতুন কাঠামো তৈরির দিকে এগোচ্ছে বিএসইসি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনিয়োগকারীর কথা এর সর্বশেষ খবর

বিনিয়োগকারীর কথা - এর সব খবর



রে