×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৯:২৪:০৮
ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের মধ্যে খেলাপি ঋণের অংশ এখন ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল খেলাপি। তিন মাস পর জুন শেষে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অর্থাৎ মার্চ থেকে জুন—এই তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে শ্রেণিকৃত ঋণের হারও ০ দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, জুন শেষে দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপিতে পরিণত হয়েছে। ঋণের এমন উচ্চ খেলাপি হার ব্যাংকগুলোর ঋণমান ও সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।

অন্যদিকে, ২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৭৬ হাজার ১২৭ কোটি টাকা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে