ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে

২০২৬ সেপ্টেম্বর ০১ ১০:৩৮:৩৮
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে এমন আকুতি জানিয়েও শেষরক্ষা হয়নি স্পেনপ্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফের (২৭)। মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এই তরুণ।

রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত ইউসুফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। ভাগ্যের চাকা ঘোরাতে কিছুদিন আগেই স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন ইউসুফ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ওই গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ।

এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যারেজে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ইউসুফসহ তার দুই সহকর্মী ভেতরে আটকা পড়েন এবং অগ্নিদগ্ধ হন।

জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে ইউসুফের আকুতির কথা জানা গেছে—‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ তবে শেষ পর্যন্ত তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের জরুরি সমন্বয় কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেন। নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সেখানে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র দুই দিন আগে কাজের অনুমতি পাওয়ার পরই এমন মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন ইউসুফ। তার মৃত্যুতে স্বজন ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে