ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব

২০২৬ আগস্ট ৩১ ১৪:৪৭:৪০
নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় পে-স্কেল দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি ও সরকারের বাজেটের ওপর চাপ কমানোর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা পূরণে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য এ-সংক্রান্ত সুপারিশ উপস্থাপনের কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে একসঙ্গে পুরো বেতন কাঠামো কার্যকর না করে কয়েক ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার সুপারিশ করা হতে পারে। এরপর আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাই থেকে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে। অর্থাৎ, দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, বিপুল পরিমাণ আমদানির কারণে সরকারের রাজস্ব আদায়ের সুযোগ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। এ পরিস্থিতিতে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও তা তদারকির জন্য গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করা হবে। এখন মন্ত্রিসভার অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত এবং বাস্তবায়নের সময়সূচি আরও স্পষ্ট হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে