ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’

২০২৬ আগস্ট ৩১ ১৫:১৮:১৫
সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আট মাস শেষ হতে যাচ্ছে। আজ সোমবার (৩১ আগস্ট) আগস্ট মাসের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর। অর্থাৎ, ২০২৬ সাল শেষ হতে বাকি আর চার মাস। সময়ের সঙ্গে সরকারি ছুটির সংখ্যাও কমে এসেছে। তবে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আরও পাঁচ দিনের ছুটি অপেক্ষা করছে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

বছরের বাকি সময়ে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সামনে মোট পাঁচ দিনের ছুটি রয়েছে। তবে এর মধ্যে জন্মাষ্টমী ও বড়দিনের একটি করে ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে এক দিনের সরকারি ছুটি রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপিত হবে। দিনটি শুক্রবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

দুই দিনই কর্মদিবসে পড়ায় চাকরিজীবীরা টানা দুই দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে ছুটি থাকবে।

তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। ফলে এ ছুটির কারণে অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।

সব মিলিয়ে বছরের শেষ চার মাসে সরকারি ছুটি থাকছে পাঁচ দিন। তবে এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় কার্যত কর্মদিবসে পাওয়া যাবে তিন দিনের ছুটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে