ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬

পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল

২০২৬ আগস্ট ০৯ ১৫:২৬:৪১
পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। নতুন সিনেমা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট কিংবা ব্যক্তিগত সম্পর্ক—বিভিন্ন বিষয়েই আলোচনায় থাকেন তিনি। এবার অবশ্য কোনো সিনেমা বা নতুন সম্পর্ক নয়, নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মজার মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গত বুধবার রাতে রাজধানীতে আয়োজিত একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমনি। সেখানে নানা প্রসঙ্গের পাশাপাশি স্বাভাবিকভাবেই উঠে আসে তার বিয়ের বিষয়টিও। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের চেনা হাস্যরসাত্মক ভঙ্গিতেই বিষয়টি সামাল দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে পরীমনি মজা করে জানতে চান, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তার এমন প্রশ্নে সংবাদ সম্মেলনস্থলে হাসির পরিবেশ তৈরি হয়। এরপরও থামেননি অভিনেত্রী। হাসতে হাসতেই আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’

ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের প্রসঙ্গও এ সময় তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’

পরীমনির এমন মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও আবার হাসির পরিবেশ তৈরি হয়। তবে মজার ছলে বলা তার কথার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিত অযাচিত মন্তব্য ও সমালোচনার বিষয়টিও উঠে আসে।

সংবাদ সম্মেলনে বিয়ের প্রসঙ্গের পাশাপাশি আলোচনায় আসে পরীমনির প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাও। এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তার অনুভূতি কেমন ছিল। এ প্রশ্নের উত্তরেও নিজের রসিকতার ধারা বজায় রাখেন অভিনেত্রী।

জবাবে পরীমনি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’ তার এই মন্তব্যেও সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই হেসে ওঠেন।

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার সমর্থনে বেশ সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করতে দেখা গেছে তাকে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালো লাগার কথাও বিভিন্ন পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে পরীমনির একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ তার ওই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে কয়েক লাখ প্রতিক্রিয়া এবং হাজার হাজার শেয়ার পড়ে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির সম্ভাব্য বিয়ে নিয়ে শুরু হয় নানা আলোচনা।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে