ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬

দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য

২০২৬ আগস্ট ০৯ ১০:৩৯:১৬
দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জিৎ অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেতা। মুক্তির আগে ছবিটির প্রচারে জিতের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। তাঁর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন দেবের ভক্তদের একাংশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ আগস্ট দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটিও মুক্তির কথা ছিল। তবে পরে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ফলে একই দিনে দুই তারকার সিনেমার মুখোমুখি লড়াই আর হচ্ছে না।

সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার প্রচারে দেবের মার্কেটিং কৌশল নিয়ে কথা বলেন জিৎ। এক সাক্ষাৎকারে তিনি জানান, দেব যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার প্রচার করেন, সেটি তাঁর ভালো লাগে। এ ক্ষেত্রে দেবের বেশ কিছু শক্তির জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে নিজে একইভাবে প্রচারে আগ্রহী নন জিৎ। তিনি বলেন, ‘আমাকে সব জায়গায় গিয়ে প্রচার করতে হবে, এতে আমি বিশ্বাস করি না। প্রয়োজনও মনে করি না।’

জিতের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দেবের ভক্তরা। কেউ দেবের প্রচারণার প্রশংসা করে জিতের মন্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ তাঁকে কটাক্ষও করেছেন।

এক ভক্ত মন্তব্য করেন, দেবকে দেখে এখন পুরো ইন্ডাস্ট্রি প্রচারের কৌশল শিখছে। অন্য একজন জিতের সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করেন। এভাবে জিতের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার গল্প চট্টগ্রামের বিপ্লবী অনন্ত সিংকে ঘিরে। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। জীবনের নানা ঘটনার কারণে অনন্ত সিংকে কেউ বিপ্লবী, আবার কেউ ডাকাত হিসেবে আখ্যা দিয়েছিলেন।

সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। তাঁকে ছবিতে নয়টি ভিন্ন লুকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত ও চন্দন সেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে