ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন

২০২৬ জুলাই ১৬ ০৯:৫৪:১৯
২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপন-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।

এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট।

গত ৭ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৭ জুন থেকে শুরু হওয়া অধিবেশন মোট ২৬ কার্যদিবস চলার পর ১৫ জুলাই শেষ হয়।

বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। অধিবেশনে ১০টি সরকারি বিলও পাস হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়। ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

অধিবেশন চলাকালে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়। একই সঙ্গে কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে