ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল

২০২৬ জুলাই ০৯ ১৭:০১:৩৩
সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল

নিজস্ব প্রতিবেদক: সাত বছর আগে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর একটি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিএসসিএলের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।

বিএসসিএল জানিয়েছে, একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে। বিএসসিএলকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের একান্ত সচিব মোজাম্মেল হক চৌধুরী।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ৩০ মে তৎকালীন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বর্তমান বিএসসিএল) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ১৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ভুক্তভোগীদের দাবি, বিজ্ঞপ্তিটি স্বল্প প্রচারিত একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। পরে ২৬ জুলাই রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের রোজ-এন-ডেল ভবনে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন কয়েক ঘণ্টার ব্যবধানে মৌখিক পরীক্ষা এবং পরদিন ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, পরীক্ষার পর কখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়নি। পরে খোঁজ নিয়ে আবেদনকারীরা জানতে পারেন, নিয়োগ পাওয়া ব্যক্তিদের পুলিশ ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, নিয়োগ পাওয়া ১৫ জনের মধ্যে ১৩ জনই আগে থেকেই বিএসসিএলে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন এবং তাদের তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও ছিল।

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীরা পাঁচটি প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানিয়েছেন। তাদের অভিযোগ, অভিযোগ গ্রহণ করা হলেও দীর্ঘদিন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বর্তমানে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে