ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার

২০২৬ জুলাই ০৯ ১৪:৪৩:১২
সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: টানা দুই কার্যদিবসের মিশ্র প্রবণতার পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের শেয়ারবাজারে আবারও ইতিবাচক ধারা ফিরে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও ঊর্ধ্বমুখী ছিল।

বাজারসংশ্লিষ্টদের মতে, আগের তুলনায় দেশের শেয়ারবাজার এখন অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে সূচক ও লেনদেনে কিছুটা গতি শ্লথ হলেও বাজার দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে। তাদের মতে, গতকাল জাতীয় সংসদে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেয়ারবাজার নিয়ে একাধিক ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেছেন। এর মধ্যে অতীতের শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিও রয়েছে। পাশাপাশি বাজারের উন্নয়নে আরও কয়েকটি উদ্যোগের কথাও জানানো হয়েছে, যার ইতিবাচক প্রভাব আজকের লেনদেনে প্রতিফলিত হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা আরও মনে করেন, বর্তমান সরকার শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তরিক ও সক্রিয়ভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাজার উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ধীরে ধীরে বাজার স্থিতিশীল হচ্ছে এবং লেনদেনে অংশগ্রহণও বাড়ছে। তাদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে বাজারে ইতিবাচক প্রবণতা আরও জোরালো হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ দশমিক ১০ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ দশমিক ৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৪টির দর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও ছিল উল্লেখযোগ্য অগ্রগতি। বৃহস্পতিবার ডিএসইতে মোট প্রায় ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১৫৮ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২৭২ কোটি ৩৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৮ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৮৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৫ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ৬০ দশমিক ৬০ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে