ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক

২০২৬ জুলাই ০৯ ১১:৩০:৫৭
সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিন বছরের জন্য দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নবনিযুক্ত দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।

দুই পরিচালকই বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবী। তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার সংযোজন ঘটল।

কে এম জাকারিয়া একজন জ্যেষ্ঠ ব্যবসা, অর্থায়ন ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত রয়েছেন। টেলিযোগাযোগ, দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি), উৎপাদনশিল্প এবং আর্থিক সেবা খাতে তার ৩০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বদানের অভিজ্ঞতা রয়েছে।

অপরদিকে, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড হিসাববিদ। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে তার প্রায় ২৫ বছরের কর্ম-অভিজ্ঞতা রয়েছে।

এদিকে, শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করতে সম্প্রতি আবেদুর রহমান সিকদারকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সুপারিশের পর তার নিয়োগে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি চলতি সপ্তাহেই দায়িত্ব গ্রহণ করবেন।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে