ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আর লাগবে না ফোন নম্বর!

২০২৬ জুন ৩০ ১২:৫৭:৫১
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আর লাগবে না ফোন নম্বর!

নিজস্ব প্রতিবেদক: ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে, যেখানে ব্যবহৃত হবে ইউজারনেমভিত্তিক পরিচয় ব্যবস্থা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। তবে ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে শুধু ইউজারনেম শেয়ার করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

দীর্ঘদিনের উন্নয়ন কাজ শেষে ফিচারটির ব্যবহারবিধি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আজ থেকেই ব্যবহারকারীরা আগাম ইউজারনেম সংরক্ষণের সুযোগ পাবেন। একটি ইউজারনেমে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৩৫টি অক্ষর ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে তারকা, জনপরিচিত ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। এরপর সাধারণ ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুসরণ করে নিজেদের পছন্দের ইউজারনেম নির্বাচন করতে পারবেন।

ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতারা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন।

ফিচারটি চালু হওয়া দেশগুলোতে ব্যবহারকারীরা নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানতে পারবেন। এরপর Settings > Account > Username অপশনে গিয়ে ইউজারনেম সংরক্ষণ করা যাবে। পাশাপাশি একটি ইউনিক ইউজারনেম কী তৈরি করার সুবিধাও থাকবে, যার মাধ্যমে অন্যরা যোগাযোগ শুরু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তিন বিলিয়নের বেশি ব্যবহারকারীর মধ্যে একই ইউজারনেম যেন একাধিক ব্যক্তি ব্যবহার করতে না পারেন, সে জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে।

তবে ইউজারনেম লিখে কাউকে খুঁজে বের করার সুবিধা থাকবে না। কেবল যাদের কাছে নির্দিষ্ট ইউজারনেম থাকবে, তারাই যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে ব্যবহারকারীরা যেকোনো সময় ইউজারনেম পরিবর্তন বা ফিচারটি বন্ধ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যালিস নিউটনরেক্স বলেন, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত যোগাযোগ তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

বর্তমানে টেলিগ্রাম, সিগন্যাল এবং ওয়্যার-এর মতো প্রতিদ্বন্দ্বী মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। মেটার অধীনে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে হোয়াটসঅ্যাপেও এই ফিচার যুক্ত হতে যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে