ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

২০২৬ জুন ২৬ ১৫:২৪:৪২
সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহিত করা বা সেবা দিতে গড়িমসি না করতে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সঞ্চয়পত্র বিক্রির অনুমোদনপ্রাপ্ত ব্যাংকগুলোকে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি)। ডিএমডি সার্কুলার লেটার নং-০৯/২০২৬ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে—কিছু ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির অনুমোদন থাকা সত্ত্বেও নানা অজুহাতে গ্রাহকদের নিরুৎসাহিত করছে। কোথাও প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে না, কোথাও অযথা জটিলতা তৈরি করা হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকদের অন্য বিনিয়োগ পণ্যের দিকে উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে। তাই সঞ্চয়পত্র বিক্রি, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং মানসম্মত সেবা নিশ্চিত করা তাদের বাধ্যবাধকতা।

এ ছাড়া ব্যাংকগুলোকে শাখা পর্যায়ে সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য দৃশ্যমান স্থানে ব্যবস্থা রাখতে এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে সঞ্চয়পত্র এখনো অবসরপ্রাপ্ত ব্যক্তি, মধ্যবিত্ত পরিবার, নারী ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এ সেবায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

অর্থনীতিবিদদের মতে, অনেক ব্যাংক নিজেদের আমানত সংগ্রহের স্বার্থে গ্রাহকদের সঞ্চয়পত্রের পরিবর্তে বিভিন্ন ডিপোজিট স্কিমে বিনিয়োগে উৎসাহিত করে। তবে সঞ্চয়পত্র বিক্রির অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা তাদের দায়িত্ব।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় সঞ্চয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি সাধারণ মানুষের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নির্দেশনার ফলে সঞ্চয়পত্র বিক্রিতে বিদ্যমান জটিলতা কমবে এবং গ্রাহকরা আরও সহজে সেবা পাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে