ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

ছুটির সীমা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

২০২৬ জুন ২৯ ১৫:২১:৩৮
ছুটির সীমা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: কোনো নারী কর্মীকে দুইবারের বেশি মাতৃত্বকালীন (প্রসূতি) ছুটি না দেওয়া এবং কোনো প্রতিষ্ঠানে ছয় মাস চাকরি না করলে এ সুবিধা থেকে বঞ্চিত করার বিধানের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা, ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভিস রুলসের ১৯৭ নম্বর বিধান কেন সংবিধানের মৌলিক অধিকারবিষয়ক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

এ ছাড়া সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীদের জন্য সমান মাতৃত্বকালীন সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে সরকার কেন ব্যর্থ হয়েছে এবং সব কর্মজীবী নারীর জন্য অভিন্ন মাতৃত্বকালীন সুবিধা নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চেয়েছেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। এর আগে ১৫ জুন কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিতের দাবিতে জনস্বার্থে রিটটি করা হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি মা ও নবজাতকের স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এ সুবিধা থেকে কর্মজীবী নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক।

শুনানি শেষে রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, সরকারি ও বেসরকারি খাতের সব কর্মজীবী নারীর জন্য বৈষম্যহীন ও সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করাই এই রিটের উদ্দেশ্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে