ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন উদ্যোগ, শেয়ারবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা গভর্নরের

২০২৬ জুন ২৯ ২২:০৩:৩৩
বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন উদ্যোগ, শেয়ারবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা গভর্নরের

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম কার্যকর বিকল্প হিসেবে শেয়ারবাজারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, শেয়ারবাজারের পরিধি ও গভীরতা বৃদ্ধি পেলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বাড়বে। এর ফলে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়ন চাহিদা পূরণে একটি কার্যকর বিকল্প উৎস তৈরি হবে।

সোমবার (২৯ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর একটি প্রতিনিধিদলের বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

বৈঠকে গভর্নর বলেন, দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি ধীরে ধীরে ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে শুধু ব্যাংকিং খাতের ওপর নির্ভর না করে একটি শক্তিশালী, গভীর ও গতিশীল শেয়ারবাজার গড়ে তোলা সময়ের দাবি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬-২৭ অর্থবছরে শেয়ারবাজারের বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হলে, এবং পরবর্তী বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে শেয়ারবাজার বেসরকারি খাতের অর্থায়নের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

গভর্নরের মতে, এতে ব্যাংক ঋণের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে, একই সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে। ফলে বেসরকারি খাতে প্রত্যাশিত ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সহজ হবে।

বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সহজ করার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের শেয়ার ও সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ দেশে থেকে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিটা (NITA) সংক্রান্ত বিধান সংশোধন করেছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে। পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রযোজ্য মূলধনি মুনাফা কর (Capital Gains Tax) কেটে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

তিনি বলেন, এই নতুন ব্যবস্থার ফলে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য অর্থ প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং ব্যয়-সাশ্রয়ী হবে, যা দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক মোর্তূজা আলম, মোহাম্মদ মনিরুল হক এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে