ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে বিএসইসিতে কাজে ফিরলেন চেয়ারম্যান মাসুদ খান

২০২৬ জুন ২৯ ১৬:৩৮:০১
যুক্তরাষ্ট্র সফর শেষে বিএসইসিতে কাজে ফিরলেন চেয়ারম্যান মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। প্রায় ২০ দিনের ছুটি শেষে সোমবার (২৯ জুন) সকালে তিনি কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মাসুদ খান বিএসইসি কার্যালয়ে আসেন এবং দায়িত্ব গ্রহণ করেন। তার ফেরার মধ্য দিয়ে কমিশনের স্বাভাবিক কার্যক্রমে চেয়ারম্যানের সরাসরি অংশগ্রহণ পুনরায় শুরু হলো।

উল্লেখ্য, বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের একদিন পরই ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যান মাসুদ খান। সেখানে তিনি তার ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ২০ দিনের ছুটি শেষে তিনি রোববার (২৮ জুন) দেশে ফেরেন এবং পরদিন থেকে অফিস কার্যক্রমে যোগ দেন।

চেয়ারম্যানের অনুপস্থিতিকালে কমিশনের দৈনন্দিন প্রশাসনিক ও রুটিন কার্যক্রম পরিচালনার জন্য কমিশনার তানভীর হাবিব রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কমিশনার হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের রুটিন কার্যক্রমও পরিচালনা করেন।

প্রসঙ্গত, গত ৪ জুন বিএসইসিতে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন হয়। ওই দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

একই দিন সরকার নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানকে নিয়োগ দেয়। পাশাপাশি কমিশনার হিসেবে নিয়োগ পান ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান। নিয়োগের দিনই তারা বিএসইসিতে যোগদান করেন।

মাসুদ খানের দেশে ফিরে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যানের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং কমিশনের চলমান কার্যক্রম এখন তার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই পরিচালিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে