ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার

২০২৬ জুন ২৬ ১৪:৫৪:০৪
বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি ও তদন্তসংক্রান্ত নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে ফেরানোর লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়াটি বর্তমানে আইনি কাঠামোর মধ্যেই চলমান রয়েছে এবং এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে।

এদিকে একই অনুষ্ঠানে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বিদেশে পলাতক এক আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও অগ্রগতির কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চলছে।

ভারত সীমান্ত দিয়ে কথিত ‘পুশ ইন’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির কারণে বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের তালিকা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হলে সরকার তা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে।

সব ধরনের বিষয়ই সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে