ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ভারত ও চীন ‘বাবা-মায়ের মতো’

২০২৬ আগস্ট ২৮ ১২:০৪:০৫
ভারত ও চীন ‘বাবা-মায়ের মতো’

নিজস্ব প্রতিবেদক: নেপালের কাছে প্রতিবেশী ভারত ও চীন—দুই দেশই সমান গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় কাঠমান্ডু। এমনটাই জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

চীন নাকি ভারত—কোন দেশের সঙ্গে নেপালের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ, এমন প্রশ্নের জবাবে ‘বাবা-মা’র উদাহরণ টানেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। কাঠমান্ডুতে একটি সংবাদ সংস্থার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাবা বা মাকে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়?’

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর এক প্রতিবেদনের বরাতে জানা যায়, শিশির খানাল বলেন, নেপালের জনগণ আবেগপ্রবণ হলেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা যুক্তিকে গুরুত্ব দেন। ভারত ও চীন—দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সঙ্গেই নেপালের সম্পর্ক ভালো এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে চান তারা।

তিনি বলেন, ‘একটিকে অন্যটির বিকল্প হিসেবে দেখব না। আমি নিশ্চয়ই বাবাকে মায়ের সঙ্গে বা মাকে বাবার সঙ্গে বদলাতে চাইব না।’

চীন নেপালকে কার্যত দখল করে নিচ্ছে—এমন ধারণাও নাকচ করে দেন খানাল। এ ধরনের ‘ন্যারেটিভ’ অনেক সময় ভারত থেকে তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। তবে চীনের সঙ্গে নেপালের সম্পর্ক ভালো এবং সেই সম্পর্ক আরও বজায় রাখার ওপর জোর দেন তিনি।

নেপালের সঙ্গে ভারত ও চীনের দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশটির মোট বাণিজ্যের প্রায় দুই-তৃতীয়াংশই ভারতের সঙ্গে হয়ে থাকে।

এদিকে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) নিয়েও কথা বলেন খানাল। তিনি দাবি করেন, বিআরআই নিয়ে ব্যাপক আলোচনা হলেও গত ১০ বছরে এই প্রকল্প থেকে নেপাল ‘শূন্য ডলার’ পেয়েছে।

অন্যদিকে, ভারতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নেপালে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে পর্যটন, জ্বালানি ও প্রযুক্তি খাতে ভারতের যেসব প্রতিষ্ঠান নেপালে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের স্বাগত জানানো হবে বলে উল্লেখ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে