ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা

২০২৬ আগস্ট ২৬ ১৭:১৬:৫১
ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে নতুন এ কেন্দ্র চালু হবে। একই সঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনগুলো শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দূতাবাস পরিচালনা করবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত হবে ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩ ঠিকানায়।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। কীভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা সেন্টারের কার্যক্রমের সময়, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের আশা, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ভিসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে