ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ

২০২৬ জুন ১৫ ১১:৪৮:১৭
শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে মানবপাচার মামলায় কুলসুম বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ও তার জামাই কুদ্দুস রহমান (৩৫) এখনও পলাতক রয়েছেন।

শনিবার (১৩ জুন) রাতে শিবচর উপজেলার কেরানীবাট এলাকা থেকে কুলসুমকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার তাকে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের যুবক সালাউল্লাহকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে কুদ্দুস রহমানের সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৯ অক্টোবর তাকে সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, লিবিয়ায় নেওয়ার পর সালাউল্লাহকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আরও ২০ লাখ টাকা আদায় করে দালালচক্র। এভাবে মোট ৪০ লাখ টাকা দেওয়ার পরও গত ছয় মাস ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের আশঙ্কা, সালাউল্লাহকে নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় গত ১ জুন সালাউল্লাহর দুলাভাই রনি খান বাদী হয়ে মাদারীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে কুদ্দুস রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি সদর মডেল থানায় নথিভুক্ত করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে