ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে

২০২৬ জুন ১৫ ১০:২৭:১৮
যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তারের পর এখন তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে।

রোববার বিষয়টি নিশ্চিত করার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে তাদের দায়ের করা ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং আরেকটি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ৭৬ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল।

তিনি আরও জানান, দুদকের আবেদনের পর বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এ জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং পাসপোর্ট আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সরকারি দায়িত্বে থাকাকালে একাধিক পাসপোর্ট গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক ছিলেন। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তিনি দেশত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে