ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

ভাইরাল অডিওর জেরে ওসি প্রত্যাহার, শুরু তদন্ত

২০২৬ মে ৩১ ১৫:২০:২২
ভাইরাল অডিওর জেরে ওসি প্রত্যাহার, শুরু তদন্ত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। একই সঙ্গে অডিওটির সত্যতা যাচাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভাইরাল হওয়া প্রায় চার মিনিটের অডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস।” এছাড়া অভিযোগ নিষ্পত্তি ও আর্থিক লেনদেনসংক্রান্ত আরও কিছু বক্তব্যও অডিওতে রয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে অডিওতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি অস্বীকার করেছেন ওসি আবুল হাশেম। তিনি দাবি করেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং বিষয়টি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন।

পুলিশ সুপার জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে