ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ স্বীকার করে দুঃখ প্রকাশ করল আদ্-দ্বীন

২০২৬ মে ৩১ ১২:১৫:৩৬
‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ স্বীকার করে দুঃখ প্রকাশ করল আদ্-দ্বীন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থার পরিদর্শন ও তদন্ত কার্যক্রম চলছিল। একই সময়ে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতির কারণে হাসপাতালের কর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৩০ মে স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একসঙ্গে অনেক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে তাদের প্রবেশে সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় কথোপকথনের একপর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করা হলে তারা নিজেদের অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হস্তক্ষেপ করেন।

আদ্-দ্বীন হাসপাতাল দাবি করেছে, তারা সবসময় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে। এরপরও ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে