ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

বিশ্বকাপ দলে দিবালাকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন স্কালোনি

২০২৬ মে ৩১ ১৩:৫৪:৪৪
বিশ্বকাপ দলে দিবালাকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন স্কালোনি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা পাননি ২০২২ বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালা। এমনকি তার নাম ছিল না ৫৫ জনের প্রাথমিক দলেও। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হলে ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ডিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, দিবালা একজন অসাধারণ ফুটবলার এবং তার সাম্প্রতিক পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। তবে দলে জায়গা না পাওয়ার মূল কারণ হলো নতুন ও তরুণ খেলোয়াড়দের উত্থান।

স্কালোনি বলেন, “তরুণরা উঠে এসেছে, কেউ কেউ নিজেদের অবস্থান শক্ত করেছে। তারা সুযোগ পাওয়ার যোগ্য। তাই আমরা অন্যদের বেছে নিয়েছি।”

জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকাও দিবালার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন তিনি। এরপর বিভিন্ন আন্তর্জাতিক উইন্ডোতে দলে ডাক পাননি। এ সময় নিকো পাজসহ কয়েকজন তরুণ ফুটবলার নিজেদের অবস্থান পাকা করে ফেলেন।

৩২ বছর বয়সী দিবালার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনাও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান স্কালোনি। তিনি বলেন, “তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা তাকে ভালোবাসি। কিন্তু আমাদের বর্তমান ও ভবিষ্যৎ—দুই দিকই ভাবতে হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

২০২৫-২৬ মৌসুমে ইনজুরি ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে বেশ কিছু সময় মাঠের বাইরে ছিলেন দিবালা। তবে মৌসুমের শেষ দিকে দুর্দান্তভাবে ফিরে এসে রোমার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবুও শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট মেলেনি এই তারকা ফরোয়ার্ডের।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে