ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

মাত্র ৬ ঘণ্টার মুক্তি, বাবার জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক সংসদ সদস্য

২০২৬ মে ৩০ ১৮:২০:৪৮
মাত্র ৬ ঘণ্টার মুক্তি, বাবার জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন প্যারোলে মুক্তি পেয়ে তার প্রয়াত বাবা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জানাজায় অংশ নেন। শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাবার শেষ বিদায়ে অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

জানাজার আগে দবিরুল ইসলামকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দবিরুল ইসলামের অবদান স্মরণ করে অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাজহারুল ইসলাম সুজন। অঝোরে কাঁদতে কাঁদতে তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চান এবং বলেন, জীবদ্দশায় তার বাবার দুটি ইচ্ছা—উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাওয়া এবং পবিত্র হজ পালন—অপূর্ণই থেকে গেছে। তিনি আরও জানান, নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরে যেতে হবে। তার আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন মারা যান দবিরুল ইসলাম। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং রাজনৈতিক অঙ্গনেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে