ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

জাতিসংঘকে চিঠি পাঠালেন শেখ হাসিনা

২০২৬ মে ৩০ ১২:১৪:৪১
জাতিসংঘকে চিঠি পাঠালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনে ৪৬ দিনের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার যে দাবি করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে এই পরিসংখ্যানকে ‘ভিত্তিহীন’, ‘অতিরঞ্জিত’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাউলেস কেসি ২৮ মে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে চিঠিটি পাঠান। সেখানে দাবি করা হয়, বিভিন্ন সরকারি নথি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর তথ্য অনুযায়ী নিহতের প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার চেয়ে অনেক কম। চিঠিতে ২০২৪ সালের একটি সরকারি গেজেট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত হিসাবেরও উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার আইনি দলের অভিযোগ, নিহতের সংখ্যা রাজনৈতিক উদ্দেশ্যে বাড়িয়ে দেখানো হয়েছে, যা আন্দোলনের বৈধতা প্রতিষ্ঠা এবং তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার অংশ হতে পারে। একই সঙ্গে তারা জাতিসংঘের তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা ও তথ্য যাচাইয়ের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। এ পরিস্থিতিতে ওএইচসিএইচআরের প্রতিবেদন সংশোধন বা প্রত্যাহারের দাবি জানানো হলেও এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে