ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬

ভয়াবহ সতর্কবার্তা: বড় বিপদের আভাস দিল জাতিসংঘ

২০২৬ মে ২৯ ১০:৪০:১৭
ভয়াবহ সতর্কবার্তা: বড় বিপদের আভাস দিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহে বাড়ছে জনদুর্ভোগ ও উদ্বেগ। স্পেন, ইতালি ও ফ্রান্সে মে মাসেই গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে। এর মধ্যেই আগামী পাঁচ বছরে বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২৮ মে) স্পেনের আবহাওয়া সংস্থা এইমেট জানায়, দেশটিতে বর্তমানে এমন তাপমাত্রা বিরাজ করছে, যা সাধারণত জুলাই-আগস্ট মাসে দেখা যায়। কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। রাতেও অস্বাভাবিক গরম অনুভূত হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ ঘোষণা না করা হলেও বাস্তবে তা গ্রীষ্মের চরম সময়ের মতো। একইসঙ্গে দেশটিতে দাবানলের ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতালিতেও বছরের প্রথম বড় তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। রাজধানী রোমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ফোয়ারার পাশে ভিড় করতে দেখা গেছে। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে।

পরিস্থিতি মোকাবিলায় নির্মাণ ও কৃষিখাতের শ্রমিকদের দিনের সবচেয়ে গরম সময়ে বিরতির ব্যবস্থা নিশ্চিত করতে নিয়োগদাতাদের নির্দেশ দিয়েছেন রোমের মেয়র।

ফ্রান্সের বোর্দো শহরেও তীব্র গরমে শ্রমিকদের কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সড়ক নির্মাণ শ্রমিকরা ক্লান্তি ও পানিশূন্যতার ঝুঁকির কথা জানিয়েছেন। গরম মোকাবিলায় কিছু প্রতিষ্ঠান কাজের সময়সূচি পরিবর্তন ও অতিরিক্ত পানির ব্যবস্থা করেছে।

এদিকে জাতিসংঘের আবহাওয়া সংস্থা এবং যুক্তরাজ্যের মেট অফিসের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

বিশেষ করে আর্কটিক অঞ্চলের শীতকালীন তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় সাড়ে তিন গুণ বেশি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শেষ দিকে শক্তিশালী ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হলে ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে