ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

চীনের প্রভাব ঠেকাতে চার দেশের নতুন কোয়াড

২০২৬ মে ২৭ ২০:০৯:৫১
চীনের প্রভাব ঠেকাতে চার দেশের নতুন কোয়াড

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নতুন করে সক্রিয় হয়েছে চার দেশের কৌশলগত জোট ‘কোয়াড’। জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বড় ধরনের অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছেন।

কোয়াডের সদস্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে যৌথভাবে একটি বন্দর নির্মাণের পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে একাধিক সমঝোতায় পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ভারতের নয়াদিল্লী শহরে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ার পেনি অং, ভারতের এস জয়শঙ্কর, জাপানের টোসিমসু মোটেজি এবং যুক্তরাষ্ট্রের মার্কো ররিও। ওই বৈঠকেই কোয়াডের প্রথম যৌথ অবকাঠামো প্রকল্প হিসেবে ফিজির বন্দর নির্মাণ পরিকল্পনা সামনে আসে।

মার্কো রুবিও বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বন্দর সক্ষমতার ঘাটতি দূর করতে ফিজির সঙ্গে যৌথভাবে কাজ করবে কোয়াড। একই সঙ্গে তিনি জানান, ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ইনিশিয়েটিভ’ চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে নতুন একটি কাঠামো গড়ে তোলা হচ্ছে।

নতুন এই খনিজ সহযোগিতা কাঠামোর আওতায় খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহার খাতে বিনিয়োগ সমন্বয় ও নীতিগত সহযোগিতা জোরদার করা হবে। বিশ্লেষকদের মতে, চীনের খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে, বিশেষ করে জাপানের জন্য।

গত বছর কোয়াড নেতাদের সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় জোটটির কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে মার্কো রুবিও দাবি করেছেন, কোয়াড এখন বাস্তব সাফল্য দেখাতে শুরু করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

যৌথ বিবৃতিতে পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে হরমুজ প্রণালি ও লোহিত সাগরে নিরাপদ এবং বাধাহীন বাণিজ্য চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে চীন কোয়াডকে ‘শীতল যুদ্ধধারার জোট’ হিসেবে অভিহিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আঞ্চলিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হওয়া উচিত নয়; বরং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই হওয়া উচিত মূল লক্ষ্য।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে