ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

২০২৬ মে ১৯ ১৫:৪১:৫২
ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা ভারতীয় নাগরিকত্বের আবেদন করলে তাদের নিজ দেশের পাসপোর্ট–সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। পাশাপাশি একটি লিখিত ঘোষণাপত্র (ডিক্লারেশন) দাখিল করাও বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ উল্লেখ করতে হবে।

এছাড়া আবেদনকারীকে লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে পাসপোর্ট জমা দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদ সংযোজন করেছে, যা বিধিমালার ১সি তফসিলের পর প্রযোজ্য হবে।

এই তফসিল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকত্ব আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করে। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।

এর ধারাবাহিকতায় এবার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতেও সংশোধন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে