ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

আর্থিক লেনদেনে বিশেষ ব্যবস্থা, ব্যাংক ছুটির নতুন নিয়ম

২০২৬ মে ১৮ ১৯:১০:০৪
আর্থিক লেনদেনে বিশেষ ব্যবস্থা, ব্যাংক ছুটির নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের বেতন ও ভাতা পরিশোধ সহজ করতে ২৫ ও ২৬ মে কিছু নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশ অনুযায়ী ২৫ ও ২৬ মে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে ব্যাংক খোলা থাকবে। এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান বিধি অনুযায়ী ভাতা পাবেন।

ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং খাতে এমন বিশেষ ব্যবস্থা নেওয়ায় শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কার্যক্রমে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে