ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের সুখবর!

২০২৬ মে ১৯ ১১:৫৩:৫৩
সরকারি চাকরিজীবীদের সুখবর!

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। তবে পুরো বেতন কাঠামো একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। পরবর্তী ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি অংশ যুক্ত করা হবে এবং শেষ ধাপে বিভিন্ন ভাতা ও সুবিধা সমন্বয় করা হবে।

নতুন প্রস্তাবে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

পেনশন সুবিধাতেও বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। প্রস্তাব অনুযায়ী ২০ হাজার টাকার কম পেনশন হলে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ এবং এর বেশি হলে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে।

এছাড়া বয়সভিত্তিক অতিরিক্ত ভাতার প্রস্তাবও রয়েছে। এতে ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং এর নিচে বয়সীদের জন্য ৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশও রয়েছে।

তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাস্তবায়ন হলে এটি দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে