ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার 

২০২৬ মে ১৯ ১১:৩১:৫২
জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করাকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী (ধারা ২৯(ঙ)) তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের তত্ত্বাবধানে। সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিষয়টি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ১৬ মে রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত একটি যুব ও সুধী সমাবেশে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। সেখানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিনসহ স্থানীয় নেতারা।

যোগদান শেষে জসিম উদ্দিন বলেন, আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনার প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে