ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যেভাবে বাড়বে বেতন

২০২৬ মে ১৭ ১০:৩৪:২৮
নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যেভাবে বাড়বে বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের ঘোষণা আসতে পারে। তবে পুরো সুবিধা একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

আগামী ৭ জুন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন। তখন নতুন পে-স্কেলের কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা। এ কারণে প্রথম ধাপে মূল বেতন আংশিক বাড়ানো হতে পারে। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামোর সব সুবিধা কার্যকর করা হতে পারে।

নতুন পে-কমিশনের আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনার আর্থিক সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো বলছে, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণার পর থেকে জীবনযাত্রার ব্যয় ব্যাপক বেড়েছে। বাসাভাড়া, চিকিৎসা ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা চাপে রয়েছেন। তাই তারা দ্রুত জাতীয় বেতন কমিশন-২০২৫ এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর নতুন বেতন কাঠামো চালুর নিয়ম থাকলেও করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও রাজস্ব চাপে তা পিছিয়ে যায়।

এদিকে নতুন প্রস্তাবিত কাঠামো নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনা চলছে। এ লক্ষ্যে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত প্রস্তুতের কাজ করছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয় গ্রেডে সম্ভাব্য বেতন ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের আলোচনা চলছে।

এছাড়া পঞ্চম থেকে নবম গ্রেড পর্যন্তও উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। দশম গ্রেডে সম্ভাব্য বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং একাদশ গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। সরকারিভাবে গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের পরই নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত রূপ জানা যাবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে