ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা

২০২৬ মে ১৫ ১০:৪০:৫৬
এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ ও রুপা। জ্বালানি তেলের উচ্চমূল্য, মুদ্রাস্ফীতির চাপ এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার থাকার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এই পতন দেখা দিয়েছে।

শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে মোট ১.৯ শতাংশ কমেছে স্বর্ণের দাম। জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ১.৩ শতাংশ কমে ৪ হাজার ৬২৫ দশমিক ৭০ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে ডলারের দাম ১ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

এদিকে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। এতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্ববাজারে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে এখনই সুদের হার পরিবর্তনের প্রয়োজন দেখছেন না তিনি।

এদিকে ভারত সরকার অগ্রিম অনুমোদন প্রকল্পের আওতায় স্বর্ণ আমদানি ১০০ কিলোগ্রামে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে রফতানিকারকদের জন্য কিছু ছাড় রাখা হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮২ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের বাজারের অস্থিরতা এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও স্বর্ণবাজারে ওঠানামা চলতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে