ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

ব্যাংক খাত আবারও ঝুঁকিতে; টিআইবির কড়া সতর্কবার্তা

২০২৬ এপ্রিল ১৩ ১৯:১৪:২১
ব্যাংক খাত আবারও ঝুঁকিতে; টিআইবির কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ নিয়ে তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, নতুন আইনের মাধ্যমে দুর্বল ও একীভূত ব্যাংকগুলোর পুরোনো শেয়ারধারীদের কোনো জবাবদিহিতা ছাড়াই পুনরায় মালিকানায় ফেরার সুযোগ দেওয়া হয়েছে, যা মূলত “ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ” এবং এটি আত্মঘাতীমূলক সিদ্ধান্ত।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন।

তিনি বলেন, এর ফলে ব্যাংকিং খাত আবারও দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও সুশাসনের ঘাটতি দূর করার পরিবর্তে এই আইনের মাধ্যমে দায়মুক্তি ও বিচারহীনতার সংস্কৃতি বজায় রাখা হয়েছে।

টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫’-এ ব্যাংক বিপর্যয়ের জন্য দায়ীদের মালিকানায় ফেরার সুযোগ না থাকলেও নতুন আইনে ১৮(ক) ধারা যুক্ত করে সেই বিধান পরিবর্তন করা হয়েছে। ফলে সংশ্লিষ্টরা অর্থ ফেরত দিলেই আবার মালিকানায় ফিরতে পারবেন, যা জবাবদিহিতার পরিবর্তে দায়মুক্তির পথ তৈরি করছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রকৃতপক্ষে ব্যাংক খাতের দুর্নীতিবাজ ও লুটেরাদের শাস্তি না দিয়ে বরং পুরস্কৃত করা হচ্ছে। তিনি এটিকে দেশের ব্যাংকিং খাতের জন্য বিপজ্জনক ও আত্মঘাতী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়। এটি ব্যাংক খাতে ক্ষমতার অপব্যবহার ও গোষ্ঠীস্বার্থ রক্ষার ধারাবাহিকতারই অংশ বলে মন্তব্য করেন তিনি। তার মতে, পুরোনো শেয়ারহোল্ডারদের জবাবদিহিতা নিশ্চিত না করে মালিকানা ফিরিয়ে দিলে ব্যাংকিং খাতে কোনো গুণগত পরিবর্তন আসবে না।

টিআইবি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার নামে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা শেষ পর্যন্ত অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। তাই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে