ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

ব্যবসায়ীদের জন্য সুখবর, বাজেট নিয়ে যা বললেন মন্ত্রী

২০২৬ এপ্রিল ১৩ ১৭:৫৬:৩১
ব্যবসায়ীদের জন্য সুখবর, বাজেট নিয়ে যা বললেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, নতুন বাজেটে করের হার বাড়ানো হবে না, বরং করদাতার সংখ্যা বৃদ্ধি করে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ অনুষ্ঠিত “ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২০২৭” শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনতে করের আওতা বাড়ানো জরুরি। তবে ব্যক্তিশ্রেণির ওপর করের চাপ বাড়ানো হবে না। বরং নতুন করদাতা অন্তর্ভুক্ত করে রাজস্ব বাড়ানো হবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এবং এর ইতিবাচক ফল আগামী বাজেটেই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাজেটে নতুন করে কোনো ‘খড়গ’ নামছে—এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই।

এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি ও সারের বাজারে অস্থিরতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আগে যেখানে এলএনজি স্পট মার্কেট থেকে প্রতি ইউনিট ১০ ডলারে কেনা যেত, এখন তা বেড়ে ২০ ডলারে পৌঁছেছে। একইভাবে, অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ৫০-৬০ ডলার থেকে বেড়ে ১১৬ ডলারে এবং সারের দাম ৪৫৬ ডলার থেকে বেড়ে প্রায় ৮০০ ডলারে পৌঁছেছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আমদানিনির্ভর পণ্যের জন্য পর্যাপ্ত স্টোরেজ বা কৌশলগত মজুত ব্যবস্থা নেই, যা একটি বড় দুর্বলতা। যদি দেশে অন্তত দুই মাসের এলএনজি মজুত রাখার সক্ষমতা থাকত, তাহলে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হতো না।

তিনি জানান, ভবিষ্যতে জ্বালানি ও গুরুত্বপূর্ণ পণ্যের কৌশলগত মজুত গড়ে তোলা এবং আমদানি প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকার কাজ করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে