ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

টানেল-বাংকারসহ প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৬ এপ্রিল ১৩ ১১:৪৫:৩১
টানেল-বাংকারসহ প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রস্তাবিত নকশায় আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভূগর্ভস্থ বাংকার ও জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য টানেল বা সুড়ঙ্গ রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক মান অনুসারে উচ্চপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অবকাঠামো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাসভবনের সম্ভাব্য স্থান হিসেবে রাজধানীর হেয়ার রোড, মিন্টো রোড এবং বেইলী রোড এলাকার কয়েকটি ভবন বিবেচনায় রয়েছে। সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করাই লোকেশন নির্বাচনের অন্যতম প্রধান বিষয়।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, বাসভবনের নকশা ও স্থান নির্ধারণ নিয়ে হেড অব আর্কিটেক্টের সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত নকশায় আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বাংকার ও টানেল যুক্ত করার বিষয়টি রয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট কোনো স্থায়ী বাসভবন নির্ধারিত না থাকায় নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি অতিথি ভবন ও অন্যান্য রাষ্ট্রীয় আবাসন ব্যবস্থাও পুনর্গঠনের পরিকল্পনা চলছে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং সম্ভাব্য স্থান ও নকশা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলে জানা গেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে