ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

একই আসনে দুই বোন, বিএনপিতে চমকপ্রদ লড়াই

২০২৬ এপ্রিল ১৩ ১০:৫৯:২৮
একই আসনে দুই বোন, বিএনপিতে চমকপ্রদ লড়াই

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নকে কেন্দ্র করে একই পরিবারের দুই চাচাতো বোনের প্রতিদ্বন্দ্বিতা এখন তৃণমূলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মনোনয়ন দৌড়ে রয়েছেন সালিমা তালুকদার আরুণী এবং সাদিয়া হক। দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করায় এই প্রতিদ্বন্দ্বিতা ‘রাজনৈতিক ঐতিহ্য বনাম ত্যাগ ও অভিজ্ঞতার’ লড়াই হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক বিএনপি মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুণী পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারক হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং পূর্বেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। তৃণমূলের একটি অংশ মনে করছে, তাকে মনোনয়ন দেওয়া হলে তা রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষার প্রতিফলন হবে।

অন্যদিকে, সাদিয়া হক দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সফরসঙ্গী হিসেবেও তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তার সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতাই তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরিষাবাড়ীর রাজনৈতিক অঙ্গনে এই দুই প্রার্থীর লড়াই এখন ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত দল কাকে মনোনয়ন দেয়, সেটিই এখন দেখার বিষয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে