ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

অস্ট্রেলিয়া ভিসা নিয়ে নতুন আপডেট

২০২৬ এপ্রিল ০৪ ১১:৪৩:৪১
অস্ট্রেলিয়া ভিসা নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসা প্রক্রিয়াকরণে গতি বাড়িয়েছে। তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

২৩ মার্চ ২০২৬ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে বলে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে। ভিজিটর ভিসার অধিকাংশ আবেদন এক দিনেরও কম সময়ে সম্পন্ন হচ্ছে।

তবে প্রক্রিয়াকরণের সময় নির্ভর করছে আবেদনপত্রের পূর্ণতা, অতিরিক্ত তথ্য সরবরাহের গতি, এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর।

এ ছাড়া অস্থায়ী দক্ষ কর্মী ভিসা প্রক্রিয়াকরণে গড়ে ৮৭ দিন সময় লাগছে। অসম্পূর্ণ আবেদন জমা দিলে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার বাইরে থেকে জমা দেওয়া শিক্ষার্থী ভিসার আবেদন বিভিন্ন নীতিমালার আওতায় মূল্যায়ন করা হয়। তাই কোর্স শুরুর অনেক আগে এবং প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।

অন্যদিকে, স্থায়ী ভিসা প্রক্রিয়ায় তুলনামূলক বেশি সময় লাগছে।দক্ষ কর্মী স্থায়ী ভিসা পেতে গড়ে ৯ মাস এবং পার্টনার ভিসার ক্ষেত্রে প্রায় ১৭ মাস সময় লাগছে। সরকারি অগ্রাধিকারের ভিত্তিতে এসব আবেদন প্রক্রিয়া করা হয়।

বিশেষ করে আঞ্চলিক এলাকায় নিয়োগদাতার মাধ্যমে আবেদনকারী এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রক্রিয়াকরণের সময় নিয়মিত হালনাগাদ করা হয় এবং ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন কারণে তা ভিন্ন হতে পারে। সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে বিলম্ব কমানো সম্ভব।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে