ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

ইরান ইস্যুতে বৈশ্বিক উত্তেজনা: নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

২০২৬ মার্চ ০১ ১৪:০১:২৮
ইরান ইস্যুতে বৈশ্বিক উত্তেজনা: নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার খবরে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ (০১ মার্চ ২০২৬) উল্লেখযোগ্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহের ইতিবাচক প্রবণতা অব্যাহত থেকে চলতি সপ্তাহে বাজার আরও ঊর্ধ্বমুখী হবে—এমন প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনায় সেই প্রত্যাশা ভেস্তে গেছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পরিস্থিতি সাধারণত সাময়িক হয়। তাদের ভাষ্য, ইরানকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীলতা কেটে গেলে বাজারে পুনরায় স্বাভাবিক গতি ফিরতে পারে। তাই আতঙ্কে শেয়ার বিক্রি না করে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৮.৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬১.৭০ পয়েন্টে নেমে এসেছে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ২৬.৫৩ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৮৯.৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৫২.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭.৩৭ পয়েন্টে।

ডিএসইতে এদিন মোট ৩৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৬টির শেয়ারদর।

লেনদেনের পরিমাণও কমেছে উল্লেখযোগ্যভাবে। এদিন ডিএসইতে প্রায় ৭৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৯৩৬ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৮০ কোটি ৭৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও ছিল নিম্নমুখী প্রবণতা। এদিন সিএসইতে ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৯৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির। সার্বিক সূচক সিএএসপিআই ২৫১.৮৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৮২.৮৩ পয়েন্টে নেমে এসেছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ১৩৭.৫৪ পয়েন্ট বেড়েছিল।

বিনিয়োগকারীরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব বাজারে সাময়িক চাপ তৈরি করলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে