ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৬:৪৭:৫৪
তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা দাবি করেছেন, গত তিন দিনে কেবল মেডিকেল কলেজ–সংক্রান্ত বিষয়ে তিনি প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, “প্রায় সবমিলে শুধু মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছি এই তিন দিনে। তাও কেউ জানবে না, আল্লাহ ছাড়া। আমি বলেছি— ৫০ কোটি কেন, ১০০ কোটি দিলেও, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে একচুল নড়ব না।”

তিনি জানান, দায়িত্বে থাকা পাঁচ বছরে যেন অবৈধভাবে একটি টাকাও না বাড়ে— সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

তিনি আরও বলেন, আত্মীয় বা দলীয় পরিচয়ে কিংবা বিরোধী পক্ষ থেকে কেউ যদি তার নাম ব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। “জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আমরা সবাইকে নিয়ে এগোতে চাই,” বলেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, “সব অন্যায় ও অবৈধ কাজ পরিহার করে বৈধ পথে চলতে হবে। একটি মানুষের চলার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। যাদের অতিরিক্ত কিছু লাগে, তারা অন্যত্র গিয়ে করুক। আমরা সঠিক থাকার চেষ্টা করব।”

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে