ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

২৪ ঘণ্টার আল্টিমেটাম, ছাত্রদল নেতা হামিমকে শোকজ

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১০:৪৬:১৪
২৪ ঘণ্টার আল্টিমেটাম, ছাত্রদল নেতা হামিমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির–এর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নোটিশে নির্দিষ্ট করে কী ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিষয়টি অভ্যন্তরীণ। দলের চেইন অব কমান্ড ভঙ্গ হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অন্যদিকে শেখ তানভীর বারী হামিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে।

তিনি বলেন, “আমাকে লিখিতভাবে শোকজ দিতে বলা হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো চিঠি দেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে সরাসরি শোকজ দেওয়ায় সারা দেশ থেকে মানুষ ফোন করে জানতে চাইছে, আমি কী এমন অন্যায় করেছি।”

উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন পরিচিত নেতা। তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল–সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে