ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল, লজ্জায় দেশ ছাড়লেন প্রবাসী

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৭:১৯:২৮
চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল, লজ্জায় দেশ ছাড়লেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে চুরি হওয়া একটি গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর উদ্যোগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন।

এর আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তির একটি গরু পাশের মাঠ থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতারের জন্য তিনটি গরু কেনার টাকা তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে দিলেও, তিনি গরু না কিনে নিখোঁজ হওয়া গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে ব্যাখ্যা চান। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ইফতারের জন্য জবাই করা গরুটি নাজমুল ইসলামের বলে শনাক্ত হয়।

ঘটনা নিশ্চিত হওয়ার পর আহমদ মধু গরুর মালিককে নগদ ৭০ হাজার টাকা পরিশোধ করেন। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত নন। ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

বিব্রতকর পরিস্থিতির মধ্যে শুক্রবার রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

গ্রামবাসীর ভাষ্য, আহমদ মধু এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তবে তার কেয়ারটেকারের কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছেন।

এ বিষয়ে ওসমানীনগর থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে