ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:২৬:০৭
উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহান আসিফ আসাদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি কার্যক্রম শুরু করেন। পরে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

দায়িত্ব গ্রহণের পর রেহান আসিফ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ধাপে ধাপে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শহর ও গ্রামাঞ্চলের ডিজিটাল বৈষম্য কমাতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা জোরদার, ডেটা ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং প্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে–সংক্রান্ত জটিলতা দূর করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

দায়িত্ব গ্রহণের শুরুতেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে দ্রুত কার্যকর উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান নবনিযুক্ত উপদেষ্টা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে