ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জেন-জির স্লোগান নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:০৩:০৮
জেন-জির স্লোগান নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলা ভাষাকে যদি সত্যিকারের মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে যথেষ্ট যত্নবান নই। যে জাতি নিজের ইতিহাস জানে না, সে কখনো উন্নতি করতে পারে না। নিজের ভাষাকে না জানার কারণেই আমাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠে না।”

তিনি আরও বলেন, “আজকের জেন-জি ‘ইনকিলাব’ বললে আমার কষ্ট হয়। সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। কিন্তু এখন দেখি সমাজ উল্টো দিকে হাঁটছে। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ, আজাদির মতো নতুন নতুন শব্দ শুনছি।”

সমালোচনার আশঙ্কা উল্লেখ করে টুকু বলেন, “এ কথা বলায় অনেকে আমাকে ভারতের দালাল বা ‘র’-এর এজেন্ট বলবে। তবু বলব, কারণ দেশ ও ভাষার জন্যই আমরা জীবন দিতে প্রস্তুত হয়েছিলাম। এই দেশ আছে বলেই আমরা আছি।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে